শেখ হাসিনার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে

আপডেট: ৩ জানুয়ারী ২০১৭ ৫:০০ অপরাহ্ন

obaidul-kader

অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটে আওয়ামী লীগকে আর পরাজিত করা যাবে না। তাই ষড়যন্ত্রকারীরা চক্রান্তের পথ বেঁছে নিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে।

আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনে ঢাকা দক্ষিণ সি‌টি ক‌রপোরেশনের (ডিএস‌সি‌সি) কাউ‌ন্সিলরদের সঙ্গে মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের কারো নাম উল্লেখ না করে ষড়যন্ত্রকারীদের উদ্দেশে বলেন, ‘ভুল করে পার পাওয়া যাবে না। ১৯৭৫ আর ২০১৭ সাল এক নয়। পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, ৭৫ সালে বঙ্গবন্ধুকে যে বুলেট খুন করেছে, দেশকে রক্তাক্ত করেছে; ২০১৭ সালে সেই বঙ্গবন্ধু হাজার গুণ বেশী শক্তিশালী। তার রক্তের উত্তরসূরী শেখ হাসিনাও অনেক বেশী শক্তিশালী।’

তিনি আরও বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, গাইবান্ধার লিটনকে (মঞ্জুরল ইসলাম লিটন এমপি) কারা হত্যা করেছে তা বাংলাদেশের জনগণ এর মধ্যেই বুঝতে পেরেছে। সুন্দরগঞ্জের মানুষ জানে কারা লিটনের হত্যাকারী? গাইবান্ধায় লিটনের জানাজায় শোকার্ত মানুষের ঢল নেমেছিল। এটাই তার জনপ্রিয়তার প্রমাণ।’

লিটনকে মেরে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ষড়যন্ত্র চলছে। জনগণের ভোটে আওয়ামী লীগকে আর পরাজিত করা যাবে না। তাই ষড়যন্ত্রকারীরা চক্রান্তের পথ বেছে নিয়েছে। শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে। সেই আগুন থেকে কেউ রেহাই পাবে না।

আগামী ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে সফল করার জন্য মেয়র এবং কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রী সেদিন দিক-নির্দেশনামূলক কিছু বক্তব্য রাখবেন। তিনি আগামী দুই বছরে নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের পরিকল্পনা এবং সরকারের কর্মসূচি জানাবেন।

আজকে নতুন বছরে দেশে যে চ্যালেঞ্জ তা হলো সাম্প্রদায়িক উগ্রবাদ। সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে জনমত ও সচেতনতা সৃষ্টিতে আমাদের নেত্রী দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন। তাই এদিক থেকে এ জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের সভাপ‌তিত্বে মত‌বি‌নিময় সভায় উপ‌স্থিত ছি‌লেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হা‌নিফ, সাংগঠ‌নিক সম্পাদক আ ফ ম বাহাউ‌দ্দিন না‌ছিম, সাংগঠ‌নিক সম্পাদক এনামুল হক শামীম, নওফেল চৌধুরী ও দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post