নীতিমালা না থাকায় প্রতিনিয়ত হয়রানির শিকার যাত্রীরা

আপডেট: ২ জানুয়ারী ২০১৭ ৫:৪৯ অপরাহ্ন

image-14621

চট্টগ্রাম :: নগরীতে গণপরিবহন বিশেষ করে ইজিবাইক, টমটম, হিউম্যান হলার, সিএনজি ট্যাক্সি ও বাস সার্ভিসের জন্য সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এবং আইন প্রয়োগে ট্রাফিক বিভাগের কঠিন নজরদারি না থাকায় যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।

এসব হয়রানি বন্ধে জরুরি উদ্যোগ দাবি করে স্মারকলিপি দিয়েছেন দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতারা।

আজ সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছে স্মারকলিপি দেন ক্যাব নেতারা। নগর ভবনে মেয়র স্মারকলিপি গ্রহণ করেন।

ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব নগর কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি আবদুল মান্নান, ক্যাব চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক এএম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস এ সময় উপস্থিত ছিলেন। একই স্মারকলিপি সিএমপির পুলিশ কমিশনার ইকবাল বাহারের কাছেও দাখিল করা হয়।

স্মারকলিপিতে ক্যাব এর দাবিগুলোর মধ্যে নগরীতে চলাচলকারী বিভিন্ন গণপরিবহন আরটিসি কর্তৃক নির্ধারিত ভাড়ার চার্ট ঝুলানো, অতিরিক্ত ভাড়া আদায় করলে তার প্রতিকারে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, সিএনজি ট্যাক্সি মিটারে চালানো ও যাত্রীর ইচ্ছায় গন্তব্যে যাওয়া নিশ্চিত করা, মিটারে সিএনজি না চালানোর জন্য সিএমপি থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা, নগরীর প্রধান সড়কগুলিতে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী উঠানামা এবং রাস্তায় অধিক সময় ধরে গাড়ি পার্কিং করে রাখা বন্ধ করা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর আহ্বানে চট্টগ্রামে লক্কর যক্কর বাসগুলো অপসারণ করে নতুন বাস নামানো, নগরীতে চলমান বাসের সংখ্যা পরিসংখ্যান হালনাগাদ করা, রেজিস্ট্রেশনবিহীন ইজিবাইক, হিউম্যান হলারগুলো চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য বন্ধ করা, নগরীতে চলাচলের জন্য অনুমতি আছে বাসগুলোর তালিকা হালনাগাদ করা সকাল বেলায় অফিস ও কলকারখানামুখি যাত্রী ভোগান্তি কমাতে সকাল-বিকাল রাস্তায় উপস্থিতি নিশ্চিত করা, হঠাৎ করে বিকল্প কিছু না করে কোনো যানবাহন বন্ধ না করার দাবি জানানো হয়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post