চবিতে ভোটগ্রহণ চলছে

আপডেট: ২ জানুয়ারী ২০১৭ ১২:০২ অপরাহ্ন

cu

চবি :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন অনুষদের ডিন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৯টা থেকে সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর একটা পর্যন্ত চলবে।

এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ৩২ জন শিক্ষক ও বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ২৮ জন শিক্ষক অগ্রিম ভোট দেন।

প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা জানান, বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের ডিন নির্বাচনের ভোটগ্রহণ সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে শুরু হয়েছে। যা চলবে দুপুর একটা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডিন নির্বাচনে একপক্ষ বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ তথা ‘হলুদ দল’। অপরপক্ষ স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদে উজ্জীবিত ‘সাদা দল’।

হলুদ দলের আহ্বায়ক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ জানান, কলা ও মানববিদ্যা অনুষদে অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদে অধ্যাপক ড. আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. ফরিদ উদ্দিন, জীব বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. মাহাবুবুর রহমান ও ইঞ্জিনিয়ারিং অনুষদে অধ্যাপক ড. শংকর লাল সাহা নির্বাচন করছেন।

বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ও বিধিবিধান শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসূফ জানান, বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা দল থেকে কলা ও মানববিদ্যা অনুষদে অধ্যাপক ড. মোজাফফর আহমদ চৌধুরী, জীব বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন, বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. কামাল হোসেন, সমাজ বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদে অধ্যাপক এসএম নসরুল কাদির ডিন নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কামরুল হুদা বলেন, আইন অনুষদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ডিন হিসেবে এবিএম আবু নোমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post