চট্টগ্রাম ::
নতুন বছরের প্রথম দিনে নুতন বই পাওয়া নিয়ে চট্টগ্রামে তৈরী হয়েছে সংশয়। কারণ, উৎসবের মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো প্রাথমিকের অর্ধেক বইই এসে পৌছেনি জেলায়।
তাতে, বই নিয়ে কোমলমতি শিশুদের উৎসব নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রাথমিকের বই না এলেও ইবতেদায়ী ও মাধ্যমিক পর্যায়ের প্রায় সবই এসে গেছে।
বছরের প্রথম দিনে ঝকঝকে নতুন বই হাতে কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাস। শিক্ষা প্রতিষ্ঠানে গত কয়েকবছর ধরে এমন চিত্র প্রশংসা কুড়িয়েছে সব মহলে।
তবে, এবার চট্টগ্রামে প্রথম দিনে প্রাথমিক পর্যায়ে বই পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখন পর্যন্ত অর্ধেক বইও আসেনি। এমনকি কয়েকটি উপজেলা রয়েছে সেখানে পৌছেনি একটি বইও। ফলে শংকা বাড়ছে নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া নিয়ে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে, যথাসময়ে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়ার জন্য চেষ্টা করছেন তারা।
প্রাথমিকে এমন অবস্থা হলেও চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ে নতুন বই নিয়ে চলছে কর্মযজ্ঞ। ট্রাকে ট্রাকে নতুন বই এনে গুদামে রাখা, সেখান থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বিতরণ।
এবার চট্টগ্রামে ইবতেদায়ী, দাখিলসহ মাধ্যমিক পর্যায়ের ১০ লাখ ৩৫ হাজার ৬০৪ জন শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা এক কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ৩০০টি। অন্যদিকে প্রাথমিক পর্যায়ের ১০ লাখ ৮৮ হাজার ১০৫জন শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা ৫১ লাখ ৯৭ হাজার বিশটি।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

