জগলুল হুদা, রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরের পৌরসভার জাকিরাবাদ এলাকায় ১৪৬ একর অকৃষি জমিতে আইটি ভিলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
শনিবার উপজেলার প্রস্তাবিত এই আইটি ভিলেজ পরিদর্শনে এসেছেন বাংলাদেশ সরকারের প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
পরিদর্শনকালে তিনি প্রকল্পটির বিভিন্ন বিষয়ের খোজ খবর নেন এবং প্রকল্পের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি জমিটি আইটি ভিলেজ স্থাপনের জন্য উপযোগী ও পরিবেশসম্মত বলে জানান।
তিনি বলেন, ‘রাঙ্গুনিয়ায় আইটি ভিলেজ প্রকল্প বাস্তবায়িত হলে দেশীয় শিল্প-প্রযুক্তির বিকাশ এবং সক্ষমতা বৃদ্ধি পাবে। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠা এবং কার্যক্রম পরিচালনার জন্য বিশ্বমানের পরিবেশ সৃষ্টি হবে।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান মো. সেলিম, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, সিরাজুল ইসলাম, সাংবাদিক মাসুদ নাসির, সাবেকমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত সহকারী এমরুল করিম রাশেদ প্রমুখ।
সিটিজিসান.কম/রবি
Print This Post

