দ্বীনের সঠিক দাওয়াত পৌঁছে দিতে হবে : শাহজাহান

আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ৯:২৩ অপরাহ্ন

838301

চট্টগ্রাম :: ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নগর জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান বলেন, মহান আল্লাহ আমাদেরকে তাঁর খেলাফতের দায়িত্ব দিয়ে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য তিনি যুগে যুগে প্রত্যেক জাতির নিকট নবী-রাসূল পাঠিয়েছিলেন যারা পথহারা মানুষকে সঠিক পথের দিশা দিতেন।

আজ বুধবার মহানগরী উত্তর শিবিরের বার্ষিক সদস্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কিন্তু মানুষ শয়তানের ধোঁকায় পড়ে স্রষ্টার দেয়া দায়িত্ব ভুলে অন্ধকার পথে পরিচালিত হলে তাকে সু-পথে আনার দায়িত্ব শেষ নবীর উম্মত হিসেবে আমাদের উপর অর্পিত হয়েছে। এ দায়িত্ব পালন না করার কারনে প্রত্যেক মুসলমানকে শেষ বিচার দিনে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করেন।

নগর উত্তর সভাপতি সালাউদ্দিন মাহমুদ’র সভাপতিত্বে ও সেক্রেটারী নাজিব আহসান’র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়েদুল্লাহ, কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, নগর জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমিন, সাবেক নগর সভাপতি মোরশেদুল ইসলাম চৌধুরী, আনোয়ারুল আলম চৌধুরী, মুহাম্মদ ইসমাঈল, শিবির নেতা এস কে সিকদার, মাহবুবুর রহমান প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়েদুল্লাহ বলেন বিশ্ব রাজনীতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। একে মাথায় রেখে শিবির নেতা কর্মীদের জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে সামনে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র আবেগ সর্বস্ব হয়ে দুনিয়াবী স্বার্থ অর্জনের ব্যর্থ চেষ্টা করলে হবে না জাতিকে সঠিক নেতৃত্ব উপহার দিতে নিজেদের মেধা মননকে কাজে লাগাতে হবে। জাগতিক সব রকম চ্যালেঞ্জ মোকাবেলায় জনশক্তিকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে সালাউদ্দিন মাহমুদ সকল সদস্যকে নিজেদের তাকওয়া ও আমানতদারিতার মানদন্ডে আরো বেশি উৎকর্ষতা সাধন করে উন্নত চরিত্রের মাধ্যমে দ্বীনের একজন সঠিক দায়ীর ভূমিকা পালনের আহ্বান জানান।

বৈঠকে অতিথিবৃন্দ সংগঠনকে আরো বেশি গতিশীল করার জন্যে সাংগঠনিক বিভিন্ন কাজের অগ্রগতি পর্যালোচনা করে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন। শেষে শাহাদাত বরণকারী নেতা কর্মীদের উত্তম মর্যাদা ও আহত-পঙ্গু ভাইদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া-মোনাজাত করা হয়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post