কক্সবাজার :: কক্সবাজারের উখিয়ায় হাসপাতালে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। তাই আতংকে মেয়েটির পরিবার। কেননা, তাদের নানা চাপ সৃষ্টি করছে এলাকার প্রভাবশালী একটি মহল।
তবে পুলিশ বলছে, দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আর ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স। গত রোববার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হন এক নারী। সাথে ছিল তার স্কুল পড়ুয়া মেয়েটি। সোমবার রাতে হাসপাতাল থেকে মেয়েটিকে ধরে নিয়ে ধর্ষণ করে ৪-৫ জন দুর্বৃত্ত।
ঘটনার আকস্মিকতায় এখনও ভীতসন্ত্রস্ত মেয়েটি। সে জানায়, দুর্বৃত্তদের মধ্যে একজনকে চিনলেও চেনা যায়নি বাকিদের।
ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে একটি পক্ষ। তারাই নানাভাবে হুমকি দিচ্ছে মেয়েটির পরিবারকে। তবে শেষপর্যন্ত বুধবার বিকেলে মেয়েটির মা বাদি হয়ে একজনের নাম উল্লেখ করে দায়ের করেন মামলা।
মামলার পর পুলিশ কক্সবাজার সদর হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করেছে। বলছে, অভিযুক্ত সবাইকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন তারা। এদিকে এমন ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। তবে একটি তদন্ত কমিটি গঠণ করেছে কর্তৃপক্ষ।
সিটিজিসান.কম/রবি
Print This Post

