দিয়াজের মরদেহ পুনঃময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে ঢাকায়

আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ১০:২৬ পূর্বাহ্ন

diaz

চট্টগ্রাম :: কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ পুনঃময়নাতদন্তের জন্য শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কবর থেকে তুলে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

মরদেহ তোলার সময় উপস্থিত ছিলেন দিয়াজের মামা সাজেদ বিন হামিদ, সিআইডির তদন্ত কর্মকর্তা এএসপি অহিদুর রহমান, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল রহমান সর্দার ও বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোসাদ্দেক হোসাইন।

তদন্তের দায়িত্বে থাকা সিআইডির চট্টগ‌্রাম জোনের এএসপি অহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে তদন্তের জন্য দিয়াজের মরদেহ তোলার আদেশ দেন। একইসঙ্গে তিন সদস্যের বিশেষজ্ঞ টিম গঠন করে ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে নির্দেশ দেওয়া হয়।

গত ২০ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় দিয়াজের মরদেহ পাওয়া যায়। রাত সাড়ে ১২টায় পুলিশ মরদেহ উদ্ধার করে। ২৩ নভেম্বর দিয়াজের ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে দিয়াজের মৃত্যু আত্মহত্যাজনিত কারণে হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে দিয়াজের পরিবার ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখান করে তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post