চান্দগাঁওয়ে পানির ট্যাংকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট: ৮ ডিসেম্বর ২০১৬ ১০:৩৩ পূর্বাহ্ন

7

জগলুল হুদা, রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: মায়ের কাছে আর ফেরেনি শিশুপুত্রটি। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে ব্যাটমিন্টন খেলতে যাওয়ার কথা মাকে বলে বাসা থেকে বেরিয়েছিল সাত বছরের আওসাফ গণি।

তবে খেলা শেষে প্রতিদিনের মতো মায়ের কাছে আর ফেরেনি সে। বিকেল সাড়ে পাঁচটায় বাসার নিচের খোলা পানির ট্যাংকে মৃত অবস্থায় পাওয়া গেল তাকে। পাশে ভাসছিল শাটল। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ১১ নম্বর সড়কে।

ওই সড়কের সাত তলা বিশিষ্ট ২৬২ নম্বর ভবনের বাসিন্দা ওয়েল হোল্ডিংস লিমিটেডের পরিচালক চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামের ব্যবসায়ি মো. ওসমান গণি। তাঁর শিশুপুত্র এই আওসাফ গণি।

ওই এলাকার বাসিন্দা এনামুল হক জানান, প্রতিদিনের মতো আওসাফ বাসার নিচে ব্যাটমিন্টন খেলতে যাবে বলে বেরিয়েছিল। কিন্তু পাঁচটার সময়ও না ফেরায় তাকে খুঁজতে থাকে আত্মীয় স্বজনরা। পরে তারা বাসার নিচে স্থাপিত পানির টাংকির ভেতর তার মরদেহ ভাসমান অবস্থায় পায়।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কবির বলেন, শাটল নিতে গিয়ে পানির ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা তার মৃত্যুর অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post