রোডমার্চ নিয়ে চট্টগ্রাম আসছেন খালেদা জিয়া!

আপডেট: ৭ ডিসেম্বর ২০১৬ ৬:৩৬ অপরাহ্ন

khaleda-zia
চট্টগ্রাম :: নারায়ণগঞ্জ সিটি মেয়র নির্বাচনী প্রচারণা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোডমার্চ নিয়ে চট্টগ্রামে যেতে পারেন বলে দলীয় একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সম্প্রতি গুলশান কার্যালয়ে বৈঠকে বিএনপি চেয়ারপারসন চট্টগ্রামের শীর্ষ নেতাদের সাথে এ কর্মসূচির বিষয়ে আলাপ-আলোচনা করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন সত্যতা স্বীকার করে বলেন, ‘বৈঠকে এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ম্যাডাম যেহেতু নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণা চালাতে বের হবেন তাই সেই সুযোগে তিনি রোড মার্চ নিয়ে চট্টগ্রামে আসার সম্ভাবনা রয়েছে।’

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দুই কিংবা তিন দিন আগে বিএনপি চেয়ারপারসন সেখানে প্রচারণা চালাতে যেতে পারেন।

গুলশান কার্যালয়ে বৈঠকে অংশ নেওয়া একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিএনপি চেয়ারপারসনকে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে আসার পথে নোয়াখালী-ফেনী-কুমিল্লায় পথসভা করার বিষয়ে আলোচনা হয়। চট্টগ্রাম নগরীতে কোনো একটি স্থানেও পথসভা করতে পারেন তিনি।’

বৈঠকে অংশ নেওয়া চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির তিনজন নেতার সাথে কথা বলে জানা গেছে, খালেদা জিয়াকে যদি নারায়ণগঞ্জে প্রচারণা চালাতে সরকারের তরফ থেকে কোনো বাধা দেওয়া না হয় তাহলে তিনি সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশে রোডমার্চ করার প্রস্তুতি নেবেন।

গত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে রাজধানী ঢাকার কারওয়ানবাজার, বাংলামোটর ও ফকিরাপুল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহর হামলার শিকার হয়। নারায়ণগঞ্জেও এ ধরনের হামলা হতে পারে-এমন শঙ্কা রয়েছে বিএনপির নেতাকর্মীদের।

চার বছর আগে, ২০১২ সালের ৮ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন রোডমার্চ নিয়ে চট্টগ্রাম সফরে এসেছিলেন। তখন নগরীর পলোগ্রাউন্ডে জনসভা করেছিলেন তিনি। এরপর একই বছরের ৩০ জুন তিনি ফের চট্টগ্রামে আসেন পাহাড়ধসে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে। এসময় তিনি নগরীর বহদ্দারহাট স্বাধীনতা পার্কে এবং পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুটি সমাবেশ করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post