রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ৮ নম্বর ওয়ার্ড চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী।
রবিবার (৪ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়। ৮ নম্বর ওয়ার্ড (রাঙ্গুনিয়া) থেকে কোনো প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় তিনি বেসরকারিভাবে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। কামরুল ইসলাম চৌধুরীর বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদ নগর এলাকায়।
তিনি ১৯৮৬ সালে রাঙ্গুনিয়া কলেজ থেকে স্নাতক পাশ করেন। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৮৮-৮৯ সালে থানা যুবলীগের আহবায়ক ও পরবর্তীতে থানা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
কামরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ পৃথক পৃথক অভিনন্দন জানিয়েছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

