দ্রুত এগিয়ে চলছে রাঙ্গুনিয়ার কোদালা ইউপি ভবনের কাজ

আপডেট: ৪ ডিসেম্বর ২০১৬ ৯:৩৫ পূর্বাহ্ন

888

জগলুল হুদা, রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে নির্মিত হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। দ্রুত গতিতে চলছে ভবনের নির্মানকাজ। কমপ্লেক্সের ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ইউপি ভবন নির্মান হওয়ায় কোদালাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরন হতে চলেছে। ভবনের নির্মানকাজ শেষ হলে ইউনিয়ন পরিষদের কাজের গতি বৃদ্ধি পাবে। কমপ্লেক্সটির সম্পূর্ন কাজ শেষে হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

জানা যায়, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে নির্মানাধীন ভবনের নির্মাণ ব্যয় হচ্ছে ৮৩ লক্ষ ৪২ হাজার ৬শত ৪৮ টাকা। কাজটি নির্মানকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুছ এন্ড ব্রাদার্সের ঠিকাদার মো. নুরুল্লাহ পান।

উপজেলার কোদালা ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাধীনতার পর থেকেই শুরু হলেও কমপ্লেক্স ভবনের অভাবে কার্যক্রমে ছিল ব্যাপক অব্যবস্থাপনা। ছোট কাঁচা ঝুপড়ি ঘরে চলত পরিষদের কার্যক্রম। অনেক সময় জায়গা সংকুলান না হলে চেয়ারম্যানরা তাদের ইচ্ছেমত পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছেন কখনো কোন বিদ্যালয় কক্ষে, কখনো ভাড়া কক্ষে কিংবা সামাজিক ক্লাবে। এই দুর্দশা থেকে মুক্তি দিতে এগিয়ে আসেন এলাকার সাংসদ ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ। তার প্রচেষ্টায় দীর্ঘসময় পর হলেও অবশেষে পরিষদের স্থায়ী কমপ্লেক্সটি নির্মিত হওয়ায় এলাকার সচেতন মহলের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চ মাসে এটি উদ্বোধন হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার কোদালা ইউনিয়নের অধিবাসী কাউছার নূর লিটন জানান, ‘দীর্ঘসময় পর হলেও ইউনিয়নের হাজার হাজার বাসিন্দা তাদের সেবার জন্য একটি স্থায়ী ইউপি কমপ্লেক্স পেতে যাচ্ছে। এর ফলে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে ব্যাপক আনন্দ।

স্থানীয় মো. আবু জাফর বলেন, ড. হাছান মাহমুদ এমপি’র নেতৃত্বের কারণে রাঙ্গুনিয়ায় একের পর এক নির্মিত হচ্ছে ইউপি কমপ্লেক্স। আর এই ধারাবাহিকতায় কোদালা ইউপি ভবনের নির্মানকাজ।

চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার বলেন ‘ইউনিয়ন পরিষদটি বেশ সুন্দরভাবে নির্মিত হচ্ছে। এর মাধ্যমে ইউনিয়নবাসী সুফল পাবে।’ ‘আমরা ড. হাছান মাহমুদ এমপি’র এই কর্মযজ্ঞে গর্বিত সবসময়। তাই উন্নয়নের এই ধারাবাহিকতায় কোদালাবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ হতে যাচ্ছে।

নির্মানকারী প্রতিষ্ঠান মেসার্স ইউনুছ এন্ড ব্রাদাসের ঠিকাদার মো. নুরুল্লাহ জানান, ভবনটি কৃষি জমিতে নির্মান হওয়ায় নিচতলা খালি রেখে তৈরি করা হচ্ছে। নিচ তলায় মাটি ভরাট কাজের জন্য কিছুটা দেরি হচ্ছে। ইতিমধ্যে ভবনের ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যে ভবনের নির্মানকাজ পুরো শেষ হবে।

রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী মো. লিয়াকত আলী জানান, কোদালা ইউনিয়ন পরিষদ ভবন নির্মানকাজ দ্রুত পর্যায়ে এগিয়ে চলছে। নির্মানাধীন ভবনের নির্মানকাজের ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ কয়েক মাসের মধ্যে শেষ হবে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, তৃণমূলে জনগনের সেবা পৌঁছে দিতে সরকার সব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মানের সিদ্ধান্ত গ্রহন করেছে। কোদালা ইউনিয়ন পরিষদ ভবন নির্মান হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমের গতি বেড়ে যাবে। বৃদ্ধি পাবে এলাকার মানুষের জীবনমান।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post