ঈদগাঁও করেসপন্ডেন্ট :: কক্সবাজার জেলার সদর উপজেলার ইসলামপুরে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে। এতে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শনিবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী কৈলাসঘোনা গ্রামের মরহুম মৌলভী ওবাইদুল হোছাইনের ছেলে নুরুল হকের পৈত্রিক সূত্রে প্রাপ্ত বাড়ী সংলগ্ন জমিতে ঘটনার দিন সকালে হঠাৎ একদল সন্ত্রাসী হানা দিয়ে জমিটি জবর দখলের কাজ শুরু করে। এ ঘটনা নুরুল হক স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুরুল আলমকে ফোনে জানালে চৌকিদার পাঠিয়ে জবর দখলে জড়িতদের কাজ বন্ধ করে দেয়। চৌকিদার চলে গেলে পাশ্ববর্তী চিহ্নিত সন্ত্রাসী এরশাদ ও তার ভাইদের নেতৃত্বে বহিরাগত ভাড়াটিয়ারা সন্ত্রাসী ফের ঐ জমিতে জোর পূর্বক কাজ করতে শুরু করে। এতে বাঁধা দেয় নুরুল হকের পরিবারের সদস্যরা। তাদের উপর হামলার চেষ্টাকালে মাদ্রাসা পড়ুয়া ছেলে তৌহিদুল ইসলাম (১৭) এগিয়ে আসে।
এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারতে শুরু করলে তার চিৎকারে ঘরে থাকা মা ও অপর ভাই এগিয়ে আসে। এতে তাদেরও মারধর করে সন্ত্রাসীরা। লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা হুমকি-ধমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
নুুরুল হক ও তার পরিবারের সদস্যরা জানান, হামলায় আহত রক্তাক্ত তৌহিদুল ইসলামসহ অপর ছেলে শাহেদ ও স্ত্রী আমেনাকে ইউনিয়ন পরিষদে উপস্থিত মেম্বার চেয়ারম্যানদের দেখিয়ে ঈদগাঁওস্থ ডিজিটাল হাসপাতালে ভর্তি করে। তৌহিদের মাথার বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে এবং অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ইতিপূর্বেও উক্ত সন্ত্রাসীরা ঐ জমিটি দখলে নিতে তার পরিবারের উপর একাধিকবার হামলা-মামলা করেছিল। উক্ত ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান।
এদিকে উল্টো সন্ত্রাসীরা হামলার শিকার জমি মালিক পরিবারের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন বিভাগে সাজানো অভিযোগ দায়েরের প্রক্রিয়া চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে। তারা সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অভিযোগ উঠা পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সিটিজিসান.কম/রবি
Print This Post

