উত্তম কুমার বড়ুয়া, রামগড় করেসপন্ডেন্ট ::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বসন্তের কোকিল আছে। সতর্ক থাকতে হবে বসন্তের কোকিলের জন্য যেন দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মী কোণঠাসা না হয়।
কলহ, কোন্দল ও বিভেদ সৃষ্টিকারীদের স্থান আওয়ামীলীগে নেই। আগামীতে দ্বন্দ্ব কলহের বাহিরে থাকা তৃতীয় একজনকে দলীয় নমিনেশন দেয়া হবে। পার্বত্য চট্টগ্রাম প্রসংগে মন্ত্রী বলেন, শেখ হাসিনা পাহাড়কে অত্যন্ত ভালবাসেন। বঙ্গবন্ধুও ভালবাসতেন। তাই পার্বত্য চট্টগ্রামের বহুকালের ভূমি সমস্যার সমাধানে আইন পাশ করা হয়েছে। শীঘ্রই ভূমি সমস্যার সমাধান হবে। পার্বত্য শান্তিচুক্তির সকল বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি বিশ্বাস করে বিদেশীরা তাদের ক্ষমতায় বসাবে। কারণ এদেশের মানুষের উপর তাদের আস্থা, বিশ্বাস নেই। তাই তারা বিদেশীদের কাছে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে শুধু নালিশ করে যাচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে রামগড় বাস ষ্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত গণ সংর্বধনা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সেতু মন্ত্রী এ কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম বিভাগ) এনামুল হক শামিম, কেন্দ্রিয় কার্যনির্বাহি সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের এমপি ফিরোজা বেগম চিনু, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আগমনকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে আওয়ামী লীগের স্থানীয় দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ি ভাংচুর এবং পুলিশের সাথে উত্তপ্ত বাকবিতন্ডার ঘটনা ঘটে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

