নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ জুলাই, ২০২২ শুক্রবার ০১:০০ পিএম
নগরের চকবাজার এলাকার সৈয়দ মোহাম্মদ মুসার পুত্র সৈয়দ তানভীর মেহেদী মাসুদ (২৮)। এলাকায় তিনি পরিচিত চট্টগ্রাম নগর ছাত্রলীগের ‘বিতর্কিত’ সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী হিসেবে। মেহেদীর গাড়িতে বসে একসঙ্গে ভ্রমণ করে বেড়ান রনিও। সেই সখ্যতার ‘সাইনবোর্ড’ দিয়ে এলাকায় চলে তার ‘ত্রাসের রাজত্ব’। শুধু তাই নয়, বাগিয়ে নিয়েছেন থানা ছাত্রলীগের সহ-সভাপতির পদও। তবে এবার র্যাবের হাতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার।
এর আগে বুধবার (২৬ জুলাই) রাত ১১টায় চান্দগাঁও থানার ওয়াসা এলাকার পাঁকা রাস্তা থেকে তাকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে র্যাবের একটি অভিযানিক দল।
র্যাব জানায়, একজন মাদক ব্যবসায়ী প্রাইভেটকার নিয়ে কালুরঘাট এলাকা থেকে একটি বড় ধরনের মাদক এর চালান নিয়ে আসছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানার ওয়াসা এলাকার পাঁকা রাস্তায় চেকপোস্ট বসায় র্যাব। সেসময় গাড়ি তল্লাশি শুরু করলে তানভীরের গাড়ির সামনের সিটের নিচে প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
গ্রেফতার তানভীর দীর্ঘদিন ধরেই উদ্ধারকৃত অস্ত্র দিয়ে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন। শুধু তাই নয়, অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় অনৈতিক প্রভাবও খাটাতেন।
খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগে পদ পাওয়ার আগেই মেহেদী ছিলেন বেপরোয়া। এলাকায় চলতো তার ‘ত্রাসের রাজত্ব’। ছাত্রলীগে পদ পাওয়ার পর তার লাগাম টানাই ছিল দায়। কারণ—হাটহাজারীতে ভোট কেন্দ্র দখল করতে গিয়ে অস্ত্রসহ বিজিবির হাতে গ্রেফতারের পর দণ্ডপ্রাপ্ত নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বির্তকিত নুরুল আজিম রনির ‘আশীর্বাদ’ ছিল তার ওপর।
জানা যায়, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি জাহিদুল ইসলাম ইরাককে সভাপতি এবং জিএম তৌসিফকে সাধারণ সম্পাদক করে চকবাজার থানা ছাত্রলীগের ৪৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয় নগর ছাত্রলীগ। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সাক্ষরিত ওই কমিটিতে ৩ নম্বর সহ-সভাপতি হিসেবে রয়েছে তানভীর মেহেদী মাসুদের নাম।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় আসামি তানভীর মেহেদী মাসুদের প্রাইভেট কারের সামনের সিটের নিচে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করি।’
‘জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রটি দিয়ে সে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম এবং স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল।’ বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
Print This Post
