চট্টগ্রামে দাম নেই চামড়ার, বিনামূল্যে সংগ্রহ

আপডেট: ১০ জুলাই ২০২২ ১০:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ জুলাই, ২০২২ রবিবার ১০:৩০ পিএম

কোরবানির পশুর চামড়ার দাম না থাকায় বিভিন্ন ধর্মীয় সংগঠন ও এতিমখানা বিনামূল্যে চামড়া সংগ্রহ করেছেন। এদিকে কম দামে চামড়া সংগ্রহ করছেন অনেক মৌসুমি ও সাধারণ চামড়া ব্যবসায়ীরা। গরু-মহিষের চামড়া কিছুটা বিক্রি হলেও ছাগলের মাংসের যেন মূল্যই নেই।

রবিবার (১০ জুলাই) দুপুর থেকে নগরীর মুরাদপুর, বিবিরহাট, আতুরার ডিপো, বহদ্দারহাট, চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এমন চিত্র।

দেখা যায়, সড়কেই পড়ে আছে কাঁচা চামড়ার স্তূপ। গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্যরা বিভিন্ন স্থান থেকে গরু মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করেছেন। অনেকেই তাদের বিনামূল্যে চামড়া দিয়েছেন।

গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্যরা জানান, বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করেছেন তারা। চামড়া দাম কম হওয়ায় অনেকেই তাদের বিনামূল্যে দান করে দিয়েছেন। সে চামড়াগুলো তারা লবণ দিয়ে সংরক্ষণ করে পরে আড়তদারদের কাছে বিক্রি করবেন।

বাকলিয়া এলাকায় চামড়া সংগ্রহ করতে গাউসিয়া কমিটির সদস্য আসাদুল্লাহ বলেন, চামড়ার দাম নেই। তাই অনেকেই বিনামূল্যে আমাদেরকে দিচ্ছেন। আবার অনেকেই এতিমখানার জন্য দান করছেন।

বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি সূত্রে জানা যায়, এবার কোরবানির দিন মহানগরের বাইরে থেকে আসা কাঁচা চামড়া কিনছেননা তারা। উপজেলার মৌসুমি ব্যবসায়ী এবং মাদরাসা-এতিমখানা কর্তৃপক্ষের নিজ উদ্যোগে কাঁচা চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করে পরবর্তীতে কেনার কথা জানিয়েছেন।

এদিকে, প্রতিবারের মতো এবারও কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ করে দিয়েছে সরকার। লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা, খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা। বকরির চামড়ার দর ১২ থেকে ১৪ টাকা।

বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন বলেন, ‘কিছু চামড়া এসেছে। সরকার নির্ধারিত দামেই চামড়া কেনা হচ্ছে। প্রথম দিন শুধু শহরের ভেতরে যেসব পশু কোরবানি হয়েছে সেগুলোর চামড়া আমরা কিনব।’

তিনি বলেন, ‘গরমের কারণে চামড়া ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে। তাই লবণ দিয়ে যথাযথভাবে সংরক্ষণ করে রাখা জরুরি।’

এবারের ঈদুল আজহায় চট্টগ্রামে গরু, ছাগল, মহিষ মিলিয়ে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে তিন থেকে চার লাখ।

Print This Post Print This Post