মাটিচাপায় গাড়ির হেল্পারের মৃত্যু, লাপাত্তা ঘাতক চালক

আপডেট: ৯ এপ্রিল ২০২১ ৭:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ এপ্রিল, ২০২১ শুক্রবার ০৭:১০ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরের সুয়াবিল ইউনিয়নে মাটি চাপা পড়ে মো. শাকিল (১৮) নামে এক  ট্রলি গাড়ির সহযোগী মারা গেছেন।

শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সুয়াবিল খালের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল একই থানার লালমাটি এলাকার হাজি আব্দুল করিম বাড়ির মৃত বেলালের ছেলে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবদুল্লাহ বলেন, ‘সকালে মাটি কেটে ট্রলিতে ভরে নিয়ে যাওয়ার সময় ট্রলি গর্তে পড়ে যায়। সেখানে মাটি চাপা পড়ে ট্রলির সহযোগী মো. শাকিলের মৃত্যু হয়। ট্রলির চালক আকরাম পলাতক রয়েছে।’

তিনি বলেন, ‘ট্রলিটি এখনো জব্দ করা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সুয়াবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু তালিব জানান, তিন-চার বছর আগে ঘর-বাড়ি ও মানুষের ক্ষতি হচ্ছে দেখে সরকারিভাবে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যারা মাটি ও বালু বিক্রি করতেছে তারা চুরি করে বিক্রি করে আসছে। প্রশাসন কয়েকবার অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করেছিল।

সিএস

Print This Post Print This Post