নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার ০২:০০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে সিগারেটের আগুন থেকে একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় বিএমএ গেট খিল্লাপাড়া মসজিদের পিছনে মোহাম্মদ ফারুকের মালিকানাধীন জুটের গোডাউনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে কুমিরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই গোডাউনে থাকা জুট, চামড়া ও প্লাস্টিকসামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘ভাটিয়ারী বিএমএ গেট খিল্লাপাড়া মসজিদের পিছনে মোহাম্মদ ফারুকের মালিকানাধীন জুটের গোডাউনে আগুন লেগেছিল। সিগারেটের উচ্ছিষ্ট অংশ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’
তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরই বলা যাবে।
সিএস
Print This Post
