বোয়ালখালীতে রড দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করল ভাই

আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২১ ৯:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১ শনিবার ০৯:৪০ পিএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাউ ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে চাচাতো ভাইয়ের রডের আঘাতে মো. বেলাল হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে৷ তবে নিহতের পরিবারের পক্ষে এখনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কিশোর।

নিহত বেলাল একই এলাকার মুন্সি মিয়া সারেং বাড়ীর প্রবাসী বজল আহমদের পুত্র।

নিহতের মামা নুরুল আবছার জানান, ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বেলালের চাচাতো ভাই মো. ঈদু আলম (১৬) শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি মেজবান খেয়ে আসার পথে বেলালের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে।

তিনি জানান, গুরুতর আহত বেলালের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়। ভর্তির এক ঘণ্টার মধ্যে বেলাল মারা যায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘খবর পেয়ে নগরের পাঁচলাইশ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

নিহতের পরিবারের পক্ষে এখনো মামলা দায়ের করেননি বলে জানান তিনি।

সিএস

Print This Post Print This Post