সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে লেগুনার ধাক্কা, আহত ১৩

আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২১ ৮:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার ০৮:২০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ‘আজগর এক্সপ্রেস’ নামে একটি লেগুনা গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৩ জন আহত হয়েছে। এ সময় চালক নিজের আসনেই মর্মান্তিকভাবে আটকা পড়েন।

রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— রুবেল হোসেন (২৮), রেজাউল (১৮), সজীব (২২), জাবেদ (২২), মহিউদ্দিন (২৬), জাহিদ (২২), রিপন (২২), আবির (১৭), বাবলু (২৩), আকাশ (২২), আসিফ (১৮), মেহেদি (২৬) ও মিনহাজকে (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কিছু তরুণ আজগর এক্সপ্রেস নামে লেগুনায় করে ফুটবল খেলতে যাচ্ছিলেন। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশবাড়িয়া এলাকায় লেগুনাটির গাছের সঙ্গে ধাক্কা লাগে।

তৎক্ষণাৎ স্থানীয় পথচারীরা তাদের উদ্ধার করে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আতিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটি লেগুনার ১৩ জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে অ্যাম্বুল্যান্সসহ ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সিএস

Print This Post Print This Post