চকরিয়ায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট: ৯ ফেব্রুয়ারী ২০২১ ৮:২৫ পূর্বাহ্ন

 নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২১ মঙ্গলবার ০৮:২০ এএম

কক্সবাজার জেলার চকরিয়ায় মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় তেলবাহী ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন দুই যুবক। এসময় দুর্ঘটনায় পতিত তেলবাহী ভাউচার ও মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর নূর আয়েশার টেক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চকরিয়ার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাথপাড়ার রায়মোহন নাথের ছেলে শয়ন নাথ (২৫) ও ক্ষীরমোহন নাথের ছেলে শিপন নাথ (৩২)। তারা দুজনই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঘরে ফিরছিলেন।

খবর পেয়ে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হারবাং নাথপাড়ার বাসিন্দা শিক্ষক উজ্জ্বল নাথ জানান, নিহত দুজনই লোহাগাড়ার চুনতি স্টেশনে দর্জির কাজ করতেন। রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি ইন্সপেক্টর মো. আনিছুর রহমান জানান, চট্টগ্রামমুখী একটি তেলবাহী ভাউচারের (চট্টমেট্রো-চ-৪১-০০৫৭) চাপায় ঘটনাস্থলেই এ দুই যুবক  নিহত হন।  তাদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে।

আনিছুর রহমান জানান, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

মর্মান্তিকভাবে দুই যুবকের মৃত্যুতে দুই পরিবারসহ পুরো পাড়ায় শোকের ছায়া নেমেছে।

সিএস

Print This Post Print This Post