নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১ মঙ্গলবার ০৬:০০ পিএম
চট্টগ্রামের রাউজান উপজেলায় ষাটোর্ধ্ব বয়সী অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় অজ্ঞাত ব্যক্তির লাশের পাশে একটি থলেতে ৩০ হাজার টাকা, চিকিৎসার ব্যবস্থাপত্র, মুঠোফোন ও একটি টর্চ লাইট পাওয়া যায়।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠের গ্যালারি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নিহত ওই বৃদ্ধ অনেকদিন ধরে এখানে থাকতেন। মাঝে মাঝে দিনমজুরি কাজ করতেন। তিনি মারা যাওয়ার আগে বলেছিলেন, তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তার কোন স্বজন নেই। ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। চিকিৎসার ব্যবস্থাপত্রে তার নাম মিলন বিশ্বাস লেখা ছিল। মুঠোফোনে যাদের নম্বর রয়েছে তাদের মধ্যে কেউ তার পরিচয় জানাতে পারেননি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেও স্বজন না থাকায় লাশটি পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের ব্যবস্থাপনায় উপজেলার রাসবিহারী ধামে সৎকারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান ওসি আবদুল্লাহ আল হারুন।
সিএস
Print This Post
