নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ নভেম্বর, ২০২০ বুধবার ০৪:৪২ পিএম
অপহরণের শিকার চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ার বলেছেন, ‘‘অপহরণের আগে থেকে বেশ কয়েকটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে আমাকে ফোন করে হুমকি দেয়া হয়। এর মধ্যে একটি নম্বর থেকে বলা হয়- ‘নিউজ করে ভালো করেননি’। তাই আমি চাইব আমার মোবাইল ফোনের কল লিস্ট চেক করা হোক। তাহলেই জানা যাবে তারা কার ছিল।’
বুধবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি এখনও মানসিকভাবে সুস্থ নি। শারীরিক দুর্বলতাও আছে। এ ঘটনায় আমি মামলা করার এখনও নিতে পারিনি। কারণ আমি আর্থিকভাবে ততটা ভালো অবস্থানে নেই। তবে আমি চাই আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।’
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘সাংবাদিক গোলাম সরোয়ার মানসিকভাবে এখনও বিধ্বস্ত। আমরা তাকে অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়েরে উৎসাহিত করছি। এ ঘটনায় মামলা পরিচালনা ও গোলাম সরোয়ারের দেখভালের পুরো দায়িত্ব চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেবে। শুধু গোলাম সরোয়ার নয়, কোনো কর্মরত সাংবাদিক যদি ইউনিয়নের সদস্যও না হন, তাহলেও তার পাশে সাংবাদিক ইউনিয়ন দাঁড়াবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, অনিন্দ্য টিটো, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান জোবায়ের সিদ্দিকীসহ চট্টগ্রামের বিভিন্ন দৈনিক পত্রিকা, বেসরকারি টেলিভিশন ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকরা।
আরএইচ
Print This Post
