পাম্পসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় অনিয়ম

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে অনিয়ম, শীর্ষ ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট: ৩ নভেম্বর ২০২০ ৩:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩ নভেম্বর, ২০২০ মঙ্গলবার ০৪:০০ পিএম

চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে পাম্পসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগে শীর্ষ ৬ কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে দুদক। মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী বাদী হয়ে মামলা করেন।

মামলার আসামিরা হলেন- শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ভুবন বিজয় দত্ত, উপ-ব্যবস্থাপক মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী এ এইচ এম কামাল, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু ইউসুফ এবং ঠিকাদারী প্রতিষ্ঠান পাওয়ার টেক ইন্টারন্যাশনালের মালিক আব্দুল আলিমকে।

মামলার এজাহারে বলা হয়েছে, শিকলবাহা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ‘অতি জরুরি বিবেচনায়’ মূল ইপিসি ঠিকাদারদের বাদ দিয়ে এবং টিইসি থেকে দর যাছাই না করে অস্বাভাবিক দামে যন্ত্রপাতি কেনা হয়েছে।

আসামিরা সরকারি অর্থ ‘আত্মসাতের উদ্দেশে’ আড়াই লাখ টাকার যন্ত্রপাতি (৩০ হাজার ১৭ ইউএস ডলার) ‘জাল-জালিয়াতি ও প্রতারণার’ মাধ্যমে দুই কোটি ৯৫ লাখ ৬৫ হাজার (তিন লাখ ৬৫ হাজার ডলার) টাকায় কেনার তথ্য দেখিয়েছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

‘প্রয়োজন না থাকার পরও’ এসব যন্ত্রপাতি কেনা হয়েছে জানিয়ে মামলায় বলা হয়, যন্ত্রপাতিগুলো বিদ্যুৎ কেন্দ্রের ভাণ্ডারে মজুদ রয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে শিকলবাহা খালের মোহনায় ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রটি অবস্থিত। ৩৫ বছরের পুরনো কেন্দ্রটির সক্ষমতা হ্রাস পাওয়ায় এটিতে নানা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে এই কেন্দ্রের জন্য দুটি বৈদ্যুতিক পাম্পসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়েছে মূল দামের চেয়ে প্রায় ১২ গুণ বেশি দিয়ে। এমন অনিয়মের তথ্য বেরিয়ে আসে দুদকের অনুসন্ধানে।

সিএস

Print This Post Print This Post