নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ নভেম্বর, ২০২০ সোমবার ০২:৩৫ পিএম
চট্টগ্রামের বন্দর থানার নিউমুরিং তক্তারপুল এলাকার এমপিবি গেইট থেকে নেভি গেইট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এসময় বন্দর কর্তৃপক্ষের ১ একর জায়গা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে পরিচালিত অভিযানে ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন বন্দরের অথরাইজড অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ ও এসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন। এছাড়াও অভিযানে বন্দরের ভূমি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীসহ ২০ জন শ্রমিক ও ১১ জন আনসার অংশ নেন।
বন্দরের এসিস্ট্যান্ট এস্টেট মুহাম্মদ শিহাব উদ্দিন জানান, ‘নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বন্দরের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আরএইচ/সিএস
Print This Post
