চট্টগ্রামে সাংবাদিক গোলাম সরোয়ার নিখোঁজ

আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ৩:৩৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ অক্টোবর, ২০২০ শুক্রবার ০৩:১০ এএম

চট্টগ্রামে দিনে-দুপুরে নিখোঁজ হয়েছেন গোলাম সরোয়ার নামে এক সাংবাদিক। সম্প্রতি নিউজ সংক্রান্ত বিষয়ে ফোন করে হুমকি দেয়া হচ্ছিল এই সাংবাদিককে।

শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে নগরের ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। তার মুঠোফোনের সংযোগও মিলছেনা।

নিখোঁজ গোলাম সরোয়ার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার, সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত ছিলেন।

নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ‘সম্প্রতি গোলাম সরোয়ারকে নিউজ সংক্রান্ত বিষয়ে ফোন করে হুমকি দেয়া হচ্ছিল। অবিলম্বে তার সন্ধান দিতে দায়িত্বশীলদের দ্রুত পদক্ষেপ দাবি করছি।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘সাংবাদিক গোলাম সরোয়ার নিখোঁজের সাধারণ ডায়েরীর পর থেকেই আমরা তাকে উদ্ধার করতে কাজ করে যাচ্ছি। সম্ভাব্য সবকিছু সামনে রেখে আমরা তদন্ত করছি।’

আরএইচ/এসএ

Print This Post Print This Post