নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০ শুক্রবার ০৫:৩০ পিএম
তার নাম মো. রাসেল শেখ। নিজেকে পরিচয় দেয় সাংবাদিক হিসেবে। নামসর্বস্ব দুটি অনলাইন পোর্টালের পরিচয়পত্র সাথে নিয়ে দাপিয়ে বেড়ায় পুরো এলাকা। কৌশলে কেনাকাটার সময় জালনোট দিয়ে করে প্রতারণা। বিভিন্ন দোকান থেকে কেনাকাটার সময় মোট টাকার সঙ্গে দুই বা তিনটি করে জালনোট দিয়ে বোকা বানায় দোকানদারকে।- এমনই এক প্রতারককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বন্দর থানার কলসি দিঘীরপাড় এলাকায় জালনোট দিয়ে কেনাকাটার সময় র্যাবের জালে ধরা পড়ে রাসেল। এসময় তার কাছ থেকে দৈনিক বর্তমান বাংলা ও অপরাধ দমন নামে দুইটি পত্রিকার ভুয়া আইডি কার্ডসহ ১ হাজার টাকার চারটি জালনোট উদ্ধার করা হয়েছে।
আটক রাসেল শেখ পিরোজপুর জেলার কদমতলা বৈরামপুর এলাকার নাসির শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ‘বন্দর থানাধীন কলসি দিঘীরপাড় এলাকা থেকে জালনোটসহ মো. রাসেল শেখ নামে এক প্রতারককে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১ হাজার টাকার চারটি জালনোট উদ্ধার করা হয়েছে। সে বিভিন্ন দোকানে গিয়ে কেনাকাটা করে। পরে মূল্য পরিশোধের সময় মোট টাকার সঙ্গে দুই বা তিনটি করে জালনোট দোকানদারকে দেয়। দোকানদার তার এ কৌশল বুঝতে পারেনা।’
তিনি বলেন, ‘আটকের পর রাসেল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করে। এ সময় আটক রাসেল শেখের কাছ থেকে দৈনিক বর্তমান বাংলা ও অপরাধ দমন নামে দুইটি পত্রিকার ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। সে বিভিন্ন দোকানে গিয়ে কেনাকাটা করে। পরে মূল্য পরিশোধের সময় মোট টাকার সঙ্গে দুই বা তিনটি করে জালনোট দোকানদারকে দেয়। দোকানদার তার এ কৌশল বুঝতে পারেনা।’
তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরএইচ
Print This Post
