৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টেকনাফে

আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ১:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০ শনিবার ০২:১৫ পিএম

কক্সবাজার জেলার টেকনাফ থানায় মো. হেলাল উদ্দিন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে জীম্বংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হেলাল উদ্দিন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেষখালী পাড়া এলাকার মো. জালাল আহমেদের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, ‘টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধীনস্থ জীম্বংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জীম্বংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। টহলদল নকুল মেম্বারের চিংড়ির ঘেরের বাঁধের পার্শ্বে গোপনে অবস্থান নেয়। হঠাৎ টহলদল তিন ব্যক্তিকে অন্ধকারের মধ্যে নাফ নদী হতে জীম্বংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকার ৪০০ মিটার উত্তর দিক দিয়ে বেড়িবাঁধের উপর উঠতে দেখে চ্যালেঞ্জ করে।’

তিনি বলেন, ‘বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে টহলদল ধাওয়া করলে একজনকে প্লাস্টিকের বস্তাসহ আটক করতে সক্ষম হয়। অপর দুইজন ইয়াবা পাচারকারী অন্ধকারের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের ভিতর দ্রুত পালিয়ে যায়।  উদ্ধার হওয়া প্লাস্টিকের বস্তাটি খুলে গণনা করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলে জানা যায়।’

মো. ফয়সল হাসান খান জানান, ‘পালিয়ে যাওয়া ইয়াবা পাচারকারীদের ধরতে রাতভর অভিযান পরিচালনা করা হলেও তাদের আটক করা সম্ভব হয়নি।  ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। আটক আসামিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

সিএস

Print This Post Print This Post