নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২০ মঙ্গলবার ০৫:৩০ পিএম
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অনুমোদন ছাড়াই কাটা হয়েছে জাহাজ। যার ফলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বন্দর এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাহাজ ভাঙার সময় ঘটনাস্থল থেকে জাহাজ মালিকের প্রতিনিধি ও দু’জন ক্রেন চালককে আটক করে নিয়ে আসা হয়।
‘এমভি গোলাম রহমান’ নামে ওই জাহাজের মালিক বরিশাল জেলার মো. ইউসুফ হোসেন। আটকৃতরা হলেন- বরিশালের বাবুগঞ্জের মো. এনায়েত (৫০), ক্রেনচালক নোয়াখালীর হাতিয়ার মোহাম্মদ আবুল কালাম (২৭) ও সহকারী ক্রেনচালক মোহাম্মদ রায়হান (২৪)।
বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ বলেন, ‘জাহাজভাঙা শিল্পের নিয়ম-নীতির তোয়াক্কা করে তারা দীর্ঘদিন যাবত এ কাজ করে আসছিলেন- যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।’
উল্লেখ্য, জাহাজটি গত ২১ জুন চট্টগ্রাম থেকে যশোর নোয়াপাড়া যাচ্ছিল ভুট্টা নিয়ে। চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজটির তলা ফেটে গেলে জাহাজটি কাটার উদ্যোগ নেয় মালিকপক্ষ।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
