নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ আগস্ট, ২০২০ মঙ্গলবার ১০:০০ পিএম
পাঁচ বছরের ছোট্ট শিশু জান্নাত। সকালে খেলতে বের হয় বাসা থেকে। পরে খেলার শেষে বাসায় ফেরার সময় হারিয়ে ফেলে পথ, খুঁজতে থাকে তার মা-বাবাকে। বিষয়টি নজরে আসে ইপিজেড থানার দায়িত্বরত এক পুলিশ সদস্যের। পুলিশের তৎপরতায় অবশেষে পরিবারের খোঁজ পায় জান্নাত।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ইপিজেড থানা এলাকার টিসিবি ভবনের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করে রাতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জান্নাত নামে ওই শিশু ঝালকাঠি জেলার নলছিটি থানার মোলার হাট গ্রামের আবুল কালামের কন্যা। সে ইপিজেড থানার কমিশনার গলি এলাকার ভাড়া বাসায় তার বাবা-মা এবং দাদীর সঙ্গে বসবাস করে।
পুলিশ জানায়, ‘সকালে খেলতে বাসা থেকে বের হয়ে হারিয়ে যায় জান্নাত। এরপর সে পথ খুঁজতে খুঁজতে টিসিবি ভবনের সামনে চলে যায়। ইপিজেড থানা পুলিশের উপপরিদর্শক চাংকু নাগ শিশুটিকে অভিভাবকহীন অবস্থায় দেখতে পেয়ে থানায় নিয়ে যায়।’
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয়ভাবে মাইকিং করলে শিশুটির পিতা আবুল কালাম এবং দাদী রহিমা বেগম থানায় আসলে তাদের হাতে তুলে দেয়া হয় জান্নাতকে।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া সিটিজিসান ডটকমকে জানান, ‘বাসা থেকে বের হয়ে খেলতে গিয়ে জান্নাত নামে একটি পাঁচ বছরের শিশু তার বাসা হারিয়ে ফেলে। পরবর্তীতে থানায় নিয়ে আসা হলে শিশুটির অভিভাবকদের খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হয় এবং মাইকিং করা হয়।’
‘পরবর্তীতে শিশুটির বাবা এবং দাদী থানায় আসে এবং তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়।’— যোগ করেন ওসি উৎপল বড়ুয়া।
সিটিজিসান ডটকম/সিএস/আরএইচ
Print This Post
