নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ জুলাই, ২০২০ সোমবার ০৬:৩০ পিএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কথা-কাটাকাটির জেরে মো. সুজন (২৫) নামে এক ঠিকাদারকে খুন করেছে নির্মাণ শ্রমিক। অভিযুক্ত নির্মাণ শ্রমিক মো. জাশেদ (২৪) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
সোমবার (২০ জুলাই) সকালে পোমরা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নির্মাণ শ্রমিকের হাতে নিহত ঠিকাদার মো. সুজন হাজীপাড়ার পেতাগাজী বাড়ির ইউছুপ মিস্ত্রির পুত্র এবং অভিযুক্ত মো. জাশেদ একই এলাকার শামসুর রহমানের পুত্র।
আজ (সোমবার) সকালে কাজের বিষয় নিয়ে ঠিকাদার সুজন ও নির্মাণ শ্রমিক জাশেদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নির্মাণ শ্রমিক জাশেদ ঠিকাদার সুজনের মাথায় আঘাত করে খুন করে পালিয়ে যায়।—এমনটাই জানিয়েছে পুলিশ৷
খুনের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘কাজের বিষয়ে কথা-কাটাকাটির জের নিয়ে সুজন নামে এক ঠিকাদার খুন হয়েছে। অভিযুক্ত জাশেদ পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।’
সিটিজিসান ডটকম/সিএও
Print This Post
