নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ এপ্রিল, ২০২০ বুধবার ০৮:৪৫ পিএম

নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসিম কুমার নাথের কাছে একটি ‘ডিস ইনফেকশন স্প্রে অটো চেম্বার’ হস্তান্তর করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। মাত্র ৪ সেকেন্ডেই পিপিই পরা চিকিৎসক, সেবিকাদের জীবাণুমুক্ত করবে এই ‘ডিস ইনফেকশন স্প্রে অটো চেম্বার’।
আজ সকালে নগরীর টাইগারপাসস্থ সিটি কর্পোরেশন কার্যালয়ে এই চেম্বার হস্তান্তর করা হয়। সিটি কর্পোরেশন কার্যালয়ে এই চেম্বার হস্তান্তর করা হয়।
চেম্বারটি বিদ্যুৎ চালিত। একটি সেন্সরের মাধ্যমে এটি কাজ করে। এ চেম্বারে ঢোকার ৪ সেকেন্ডের মধ্যই ক্লোরিন মিশ্রিত দ্রবণের স্প্রে কাজ সম্পন্ন হবে। স্প্রে কাজ সম্পন্ন করে পিপিই পরা ব্যক্তি জীবাণুমুক্ত হয়ে যাবেন।
মেয়র বলেন, বিশ্বের অনেক দেশেই করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় এ ধরনের ব্যবস্থা চালু হয়েছে। এ মহামারী চলাকালীন করোনা ভাইরাস সংক্রমণ রোধে, বিশেষ করে সংক্রমিত রোগীদের সংস্পর্শে আসা চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এ স্যানিটাইজিং পদ্ধতি অত্যন্ত কার্যকর।
পর্যায়ক্রমে এ অটো চেম্বার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, চসিক জেনারেল হাসপাতাল, বিআইটিআইডি বা বক্ষব্যাধি হাসপাতাল, হলিক্রিসেন্ট হাসপাতালসহ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবাদানকারী বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে তাদের চাহিদানুযাযী দেওয়া হবে।
চসিকের আর্থিক সহায়তায় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কারিগরি সহযোগিতায় চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকেরের তত্ত্বাবধানে এই অটো স্প্রে চেম্বার তৈরি করা হয়।
চেম্বার হস্তান্তরকালে মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চুয়েটের আবু আদনান, মো. রকিব উদ্দিন উপস্থিত ছিলেন।
সিটিজিসান/আরএইচ
Print This Post
