সীতাকুণ্ডে মাদ্রাসা প্রভাষককে খুন

আপডেট: ৮ জানুয়ারী ২০১৯ ১১:৪৬ পূর্বাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৮ জানুয়ারী ২০১৯, মঙ্গলবার ১১:৪৫ এএম |

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইমরান হোসেন রিয়াদ (২৮) নামের এক মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়বকুণ্ড প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেলওয়ে কলোনিতে এ ঘটনা ঘটে।

ইমরান হোসেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক ছিলেন। বাড়ি ফেনী সদরে। তিনি বাড়বকুণ্ডে ভাড়া বাসায় থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন বলেন, রাত আড়াইটার দিকে ইমরানকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজনের তথ্যমতে, ইমরান রেল কলোনির মাদককারবারি ও মাদকসেবীদের কাজে বাধা দিতেন। গতকাল রাতে দুই-তিনজন দুর্বৃত্ত তাঁর ঘরের দরজা ধাক্কা দেয়। দরজা খুলতেই তাঁকে ছুরিকাঘাত করা হয়।

আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলওয়ারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেন। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post