শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়: ঐক্যফ্রন্ট

আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ৯:৫২ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

সিলেট: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। হারানো গণতন্ত্র এবং দেশের মালিকানা ইনশাল্লাহ মানুষ ফিরে পাবে। আমরা ক্ষমতায় আসবো। জনগণকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করবো। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের মালিকানা ফিরিয়ে আনা হবে।

বুধবার বিকেলে সিলেটের রেজিস্টিরি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, আমরা ৭ দফা কর্মসূচি দিয়েছি। সংবিধানের ৭নং অনুচ্ছেদে রয়েছে জনগণ দেশের মালিক। কিন্তু বর্তমানে জনগণের সেই মালিকানা নেই। এটা আদায় করে নিতে হবে। আমাদের ১ নম্বর দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর সঙ্গে আরও ছয়টি দাবি রয়েছে। এর মধ্যে আমাদের অন্যতম দাবি- খালেদা জিয়ার মুক্তি। তাই খালেদা জিয়াকে মুক্তি দিন।

তিনি বলেন, আমাদের ৭ দফা অনেক মূল্যবান। এটা জনগণের হারিয়ে ফেলা অধিকার, দেশের মালিকানা ফিরিয়ে আনার দাবি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, জনগণ সকল ক্ষমতার মালিক। সেটি বাস্তবায়ন করতে হবে।

ড. কামাল বলেন, দেশের মুষ্টিমেয় মানুষের উন্নয়নে উন্নয়ন হয় না। আমরা চাই ১৬ কোটি মানুষের উন্নয়ন। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী ও মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আজমল বকত সাদেকের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

সমাবেশে ঐক্যফ্রন্ট নেতারা ঘোষণা দিয়ে বলেন, সিলেট থেকে ভোটের আধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু হলো। তাঁরা বলেন, কোনোভাবে শেখ হাসিনার অধীন জাতীয় নির্বাচন হতে পারে না। এ জন্য সুষ্ঠু নির্বাচন আর ভোটের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তাঁরা।

আজ বেলা দুইটায় সিলেট নগরের রেজিস্টারি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়। সন্ধ্যায় শেষ হয়। সমাবেশ করতে পুলিশের অনুমতি না দেওয়া, আগের রাতে গ্রেপ্তার অভিযান এবং সমাবেশের দিন সকালে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির কারণে উৎকণ্ঠা ছিল। সেই সঙ্গে সিলেট শহরের সঙ্গে যাতায়াতে যাত্রীবাহী বাসে ছিল নজরদারি। তারপরে বিপুল জনসমাগম হয় সমাবেশে। গ্রেফতারের ভয়, আতঙ্ক সব কিছু উপেক্ষা করে সমাবেশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post