অতিরিক্ত ফি: অমান্যকারীদের বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা

আপডেট: ১ মার্চ ২০১৭ ১২:১৩ অপরাহ্ন

School-Admision

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: চট্টগ্রামে নতুন শ্রেণির ভর্তিতে নেয়া অতিরিক্ত ফি এখনও ফেরত দেয়নি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। আবার দুয়েকটি প্রতিষ্ঠান ফেরত দিলেও বেতনের সাথে সমন্বয় বা পুনরায় যাচাইয়ের কথা বলছে। তবে, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

চট্টগ্রামে নতুন শ্রেনীর ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এ বিষয়ে নানা মহলের দাবির পর গত ৮ ফেব্রুয়ারী নগরীর ৪৬টি স্কুলকে তালিকাভূক্ত করে জেলা প্রশাসন। বাড়তি ফি নেয়া এসব প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে সময় বেধে দেয়া হয় ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত।

কিন্তু প্রশাসনের বেধে দেয়া সময়সীমার মধ্যে একটি ছাড়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়নি কোন প্রতিষ্ঠান। তাতে, বেশীরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানই বলছে, আদায়করা অর্থ সমন্বয় করা হচ্ছে বেতনের সাথে।

অতিরিক্ত ফি আদায় বন্ধে সোচ্চার ক্যাব বলছে, প্রশাসনের নজরদারিতে অতিরিক্ত ফি আদায় কিছুটা কমেছে। তবে, এ বিষয়ে শৃঙ্খলা আনতে কঠোর হতে হবে নির্দেশনা বাস্তবায়নে।

প্রশাসন বলছে, নানা অজুহাতে অতিরিক্ত অর্থ ফেরত দিতে টালবাহানা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে, শিগগিরই তদারকি কমিটির চূড়ান্ত প্রতিবেদনের পর নির্দেশনা না মানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নির্দেশনা অমান্যকারীর প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমপিও বাতিল, ম্যানেজিং কমিটি বাতিলসহ কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।

চট্টগ্রামের ক্যাব’র বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসাইন এ প্রসঙ্গে জানান, ‘সরকারি যে নীতিমালা বা নিদের্শ এটা আসলে সবাইকে পালন করতে হবে। ইংরেজি মাধ্যম যে স্কুলগুলো আছে সবাইকে এই জায়গায় নিয়ে আসা দরকার। তাদেরকেও বাংরাদেশের নিয়ম কানুন পালন করা দরকার। আমরাও চায় সরকারী যে নির্দেশনা তা মাঠ পর্যায়ে যথাযথভাবে পালন হউক এটা আমরা আশা করি’।

এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বলেন, ‘ইতিমধ্য আমাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি না তাদেরকে ওয়েলকাম জানাই। আর যারা ব্যবস্থা নেননি বা নানান বিভিন্ন অজুহাত দেখিয়েছে তাদের বিরুদ্ধে অল্প সময়ে তাদের একটা তালিকা করে আমরা শিগগিরই সরাসরি অ্যাকশানে চলে যাব’।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post