অনলাইন ডেস্ক ::
নতুন মুখ ঢালিউডের অভিনেত্রী রাকা বিশ্বাস। এরই মধ্যে দুটি ছবিতে কাজ করেছেন তিনি। ছবি দুটির নাম ‘অপরাধ জগত’ ও ‘আপালা’। নতুন বছরে নতুন আরেকটি ছবিতে কাজ শুরু করতে যাচ্ছেন চলচ্চিত্রের নবাগত এই অভিনেত্রী। নতুন এ ছবির নাম ‘ফাঁসির আসামি’। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন শাহরিয়াজ ও রবিন। ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান শামীম।
নতুন এ ছবিটি নিয়ে রাকা বিশ্বাস বলেন, নতুন বছরের শুরুতে ‘ফাঁসির আসামি’ ছবির কাজ শুরু হবে। এ ছবিতে একজন পুলিশের চরিত্রে অভিনয় করবো। এর আগে শুটিং করা দুটি ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই মুক্তি পাবে ‘অপরাধ জগৎ’ ছবিটি। আর রোমান্টিক ও অ্যাকশনধর্মী ছবিতে কাজ করতে অনেক ভালো লাগে আমার। গানের রেকডিংয়ের মাধ্যমে ‘ফাঁসির আসামি’ ছবির কাজ শুরু হতে যাচ্ছে।
আশা করি, নতুন ছবির গল্পটিও দর্শক পছন্দ করবেন। রূপ’স মিডিয়ার ব্যানারে ‘ফাঁসির আসামি’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রুবেল, আলেকজান্ডার বোসহ অনেকে। উল্লেখ্য, রাকা বিশ্বাস এর আগেও শাহরিয়াজের বিপরীতে ‘মরণ নেশা’ নামের একটি ছবিতে অভিনয় করেন। আর ‘আপালা’ ছবিটি পরিচালনা করছেন রুবেল আনুশ। নিজেকে চলচ্চিত্রে যোগ্য করে তোলার লক্ষ্যে এরই মধ্যে নৃত্য ও ফাইটিংয়ে পারদর্শী করে তুলেছেন রাকা।
তিনি নৃত্য পরিচালক মাইকেল বাবুর কাছে নাচের তালিম নিচ্ছেন। কণ্ঠশিল্পী এফএ সুমনের ‘জানেরে খোদা জানে’ গানের ভিডিওতে মডেল হয়ে আলোচনায় আসেন রাকা বিশ্বাস। এটি নির্মাণ করেছিলেন শামসুল হুদা।
রাকা বর্তমানে রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে হিসাববিজ্ঞানে পড়ছেন। অভিনয়ের পাশাপাশি তিনি কৃতিত্বের সঙ্গে লেখাপড়াটাও চালিয়ে যেতে চান।
সিটিজিসা.কম/রবি
Print This Post

