নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩ জুন, ২০২১ বৃহস্পতিবার ০২:০০ পিএম
চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত দল নুর নবী বাহিনীর প্রধান নুর নবীর দেয়া তথ্যের ভিত্তিতে একটি টিনশেড ঘরের সানশেড থেকে দুইটি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং একটি কিরিচ উদ্ধার করে পুলিশ। ডাকাতিতে কেউ বাঁধা দিলেই তাঁদের কুপোকাত করতে তাঁরা এসব অস্ত্রের ব্যবহার করে।
বুধবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের চান্দগাঁও থানার শংকর দেওয়ানজিরহাট আহমেদ হোসেন কন্ট্রাক্টরের টিনশেড ঘরের ভাড়াটিয়া নাসিরের কক্ষের সানসেট থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নাসির ডাকাত দলের সর্দার নুর নবীর অন্যতম সহযোগী। তাঁর কাছেই অস্ত্র ও গুলি থাকে। তাঁদের টার্গেট নির্ধারণ হলে এসব অস্ত্র, গুলি নিয়ে নাসির বের হয়। নাসিরের বিরুদ্ধে রাউজান ও রাঙ্গুনিয়া থানায় দুইটি মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘আন্তঃজেলা ডাকাত দল নুর নবীর বাহিনী ডাকাতির সময় অস্ত্র ও কিরিচ ব্যবহার করে। ডাকাতিতে বাঁধা দিলেই গুলি ছোড়ে, কোপায়। রিমান্ডে সে স্বীকার করে এসব অস্ত্র তাঁর বাহিনীর সদস্য নাসিরের কাছে আছে।’
ওসি বলেন, ‘নুর নবীর দেয়া তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানায় অভিযান চালিয়ে নাসিরের কক্ষের সানসেট থেকে দুইটি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং একটি কিরিচ উদ্ধার করা হয়। তবে পুলিশ আসার আগেই পালিয়ে যায় নাসির।’
এ ঘটনায় অস্ত্র আইনে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মহসীন।
সিএস
Print This Post
