ইয়াবা বিক্রি করেন মাদরাসা অধ্যক্ষ, সেবন করেন নিজেও

আপডেট: ২৬ মে ২০২১ ৪:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৬ মে, ২০২১ বুধবার ০৪:৪০ পিএম

মাদরাসার অধ্যক্ষ মো. ইয়াছিন (৩৮)। নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে শিক্ষক পেশার সাইনবোর্ড ব্যবহার করে করেন ইয়াবার ব্যবসা। শিক্ষক হওয়ার সুবাদে থেকে যান সন্দেহের আড়ালে। আবার ঝুঁকিও কম। মাদক মামলায় ইতোপূর্বে দেড় মাস জেল খেটে বের হওয়ার পরেও থেমে থাকেনি তার এই ব্যবসা। আবার ‘যৌন শক্তি বাড়াতে’ নিজেও খান সেই ইয়াবা।— ইয়াবাসহ আটকের পর তার কাছ থেকে এমন তথ্যই পেয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাতে নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ওই অধ্যক্ষের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার খাটের নিচ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার মো. ইয়াছিন বেপারীপাড়া তালিমুল করিম আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদকের মামলা রয়েছে।

পুলিশ জানায়, ইয়াছিনের বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার থানায়ও অপহরণ ও ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ১৯ বছর বয়সী এক সিএনজি চালকের মেয়েকে ফুঁসলিয়ে বিয়ে করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ইয়াবাসহ মো. ইয়াছিন নামে এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। অধ্যক্ষ হওয়ায় এলাকায় তার পরিচিতি ভাল এবং ঝুঁকিও কম। তাই তিনি এই পরিচয়ের আড়ালে ইয়াবা বিক্রি করেন। গতকাল রাতে আগ্রাবাদ সিডিএ বলির পাড়ার ২ নম্বর গলির মাহবুবুল আলমের ভাড়া ঘরের তার বাসায় অভিযান চালালে খাটের নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে ওই অধ্যক্ষ স্বীকার করেন যে তিনি নিজেও ইয়াবাসেবি। যৌন সক্ষমতা বাড়ানোর জন্য তিনি ইয়াবা সেবন করে থাকেন। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

আরএইচ

Print This Post Print This Post