নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ মে, ২০২১ শনিবার ০২:৪০ পিএম
চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় বনানী রাণী (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর পরিবারের দাবি, তাকে (বনানী রাণী) শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন চালিয়ে মেরে ফেলেছে।
শুক্রবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত বনানী রাণী বাগেরহাট জেলার হৃদয় হাওলাদারের স্ত্রী। হৃদয় পেশায় গাড়িচালক।
বনানীর মা আরতি রাণীর দাবি, তার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন চালিয়ে মেরে ফেলেছে।
তবে শাশুড়ি লিপিকা রাণী বলছেন, গলায় ফাঁস দিয়ে বনানী আত্মহত্যা করেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যু নিয়ে দুই পক্ষের ভিন্ন অভিযোগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিএস
Print This Post
