চাকরির প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করায় র‍্যাবের হাতে ধরা ২

আপডেট: ৫ মে ২০২১ ৭:০৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৫ মে, ২০২১ বুধবার ০৭:০০ এএম

চাকরির প্রলোভন দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও ভোলা জেলা থেকে তিন নারীকে চট্টগ্রামে এনে এক বছর ধরে পতিতাবৃত্তিতে বাধ্য করানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী তিন নারীকে।

সোমবার (৩ মে) বন্দর থানার দক্ষিণ মধ্যম আলী রোডের ফারুক কলোনীর মোজ্জাম্মেলের বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতাররা দুই ব্যক্তি হলেন— আনোয়ারা উপজেলার পারকির চর এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে মো. নুরুল আলম (৬০) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর টিকিকারা গ্রামের আমজাদ আলীর ছেলে মো. আমির (৪৫)। তারা দুইজনই ফারুক কলোনির বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত চট্টগ্রাম র‍্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র তিন নারীকে ব্রাহ্মণবাড়িয়া ও ভোলা জেলা থেকে চট্টগ্রাম শহরের ভাড়া বাসায় এনে পতিতাবৃত্তিতে বাধ্য করে। এসব না করলে জীবন নাশের হুমকি দেয়। গোপন সূত্রে সংবাদ পেয়ে চট্টগ্রাম র‍্যাবের একটি চৌকস দল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে এবং তিন নারীকে উদ্ধার করে।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অভিযোগের বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।’

সিএস

Print This Post Print This Post