নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ এপ্রিল, ২০২১ রবিবার ০৪:২০ পিএম
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর এলাকা থেকে সুজন মণ্ডল (৪০) নামের এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তাঁর গলায় একটি রাবারের পাইপ প্যাঁচানো ছিল এবং পাশের টেবিলে রাখা ছিল একটি চিরকুট।
শনিবার (৩ মার্চ) রাত দশটার দিকে উপজেলার মাতৃকা হাসপাতাল সড়কে ব্যক্তিগত অফিসের দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সুজন মন্ডল মিরসরাই পৌর এলাকার নয় নম্বর ইউনিয়নের বাকখোলা গ্রামের নিরদ বরণ মণ্ডলের পুত্র। তিনি দৈনিক ইত্তেফাকের মিরসরাই প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি মাতৃকা হাসপাতালেরর এজিএমের দায়িত্বে ছিলেন। তাঁর বাবাও একজন প্রবীণ সাংবাদিক।
এদিকে, লাশের পাশের টেবিলে থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। যাতে লেখা ছিল— ‘যার কাছে আমার আবেগের মূল্য নেই, তার সাথে আমার কোন সম্পর্ক নেই’।
পুলিশ জানায়, গতকাল (শনিবার) দুপুর আনুমানিক ১২টার দিকে সুজন মন্ডল তাঁর অফিসে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর দীর্ঘক্ষণ অফিস থেকে বের না হওয়ায় তাঁর স্বজনরা ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয় তাঁর বন্ধুরা। পরে পুলিশ এসে অফিসের দরজা ভেঙে তাঁকে সোফার ওপর মৃত অবস্থায় পায়। এসময় তাঁর গলায় রাবারের একটি পাইপ প্যাঁচানো ছিল।
বাবু নামে স্থানীয় এক দোকানী বলেন, ‘অনেক্ষণ ধরে ডাকাডাকি করার পরেও তাঁর রুম থেকে তিনি বের না হওয়ার রুমের ফাঁক দিয়ে মোবাইল ঢুকিয়ে ভিডিও করে দেখা যায় তিনি মৃত পড়ে আছেন। পড়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুজন মন্ডল নামে এক সাংবাদিকের লাশ তাঁর নিজ কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর গলার কাছে একটি রাবারের পাইপ পাওয়া গেছে।’
ওসি বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’
আরএইচ/ডিএস/সিএস
Print This Post
