চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ১৪, আটক ১৫

আপডেট: ২৯ মার্চ ২০২১ ৬:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ মার্চ, ২০২১ সোমবার ০৬:২০ পিএম

চট্টগ্রামের কাজীর দেউড়িতে সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি। এতে বিএনপি কর্মী ও পুলিশ সদস্যসহ আনুমানিক ১৪ জন আহত হয়েছেন। এঘটনায় নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণিসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালী থানার নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ ও দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় কয়েকটি মোটর সাইকেল আগুনে পুড়িয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। ভাঙচুর করেছে পুলিশের সরঞ্জামও। এছাড়া সড়কে টেবিল এনে তাতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করছিলাম। কিন্তু আমাদের নেতাকর্মীদের উপর পুলিশ অতর্কিতভাবে হামলা চালায় ও লাঠিচার্জ করে।’

নগর বিএনপির সাবেক দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেছেন, ‘পুলিশ অতর্কিত বিএনপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে। পুলিশের গুলিতে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, ‘পুলিশ দেখে তাঁরা হঠাৎ হামলা চালায়। এতে ৫-৬ জন পুলিশ সদস্য আহত হন। তাঁরা বোমাবাজিও করেছে। গাড়িতেও আগুন দিয়েছে। ঘটনার পর বিএনপির দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনও অব্যাহত আছে।’

সিএস

Print This Post Print This Post