কখনও সেনা কর্মকর্তা, কখনও সাংবাদিক

চট্টগ্রাম সেনানিবাসে অবৈধ প্রবেশ, কথিত সাংবাদিক ‘কবির’ আটক

আপডেট: ২৭ মার্চ ২০২১ ৬:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৭ মার্চ, ২০২১ শনিবার ০৬:০০ পিএম

আহমেদ কবির। কখনও সে নিজেকে পরিচয় দেয় উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা হিসেবে। আবার কখনও বেসরকারি টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে। মিথ্যা পরিচয়ে নগরীর বিভিন্ন অফিস চষে বেড়ানো আহমিদ কবির এবার ধরা খেলেন সেনাবাহিনীর হাতে।

শুক্রবার (২৬ মার্চ) রাত দশটার দিকে মিথ্যা পরিচয়ে চট্টগ্রাম সেনানিবাসে প্রবেশের দায়ে তাকে আটক করে বায়েজিদ থানায় সোপর্দ করা হয়।

আটক আহমেদ কবিরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি নগরী সুগন্দা আবাসিক এলাকার একটি ভবনে অফিস করেন বলে জানা গেছে।

বিষয়টি শনিবার (২৭ মার্চ) দুপুরে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।

চট্টগ্রাম সেনানিবাসের সেনা কর্মকর্তা
মেজর সাইদ এ বিষয়ে বলেন, ‘সেনানিবাসের গেইটে দায়িত্ব পালনরত কর্মকর্তারা তাঁর পরিচয় জিজ্ঞেস করলে আহমদ কবির শুরুতে নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দেয়। পরে সে নিজেকে এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান হিসেবে পরিচয় দিলে সন্দেহ হয়।’

মেজর বলেন, ‘এরপর মুঠোফোনে চট্টগ্রামের কয়েকজন সাংবাদিকের কাছে কবির সম্পর্কে জানতে চাইলে তাঁরা এশিয়ান টেলিভিশনে এই নামে কোন সাংবাদিক কর্মরত নয় বলে জানান। পরে বায়েজিদ থানায় সেনাবাহিনীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়ে তাঁকে সোপর্দ করা হয়।’

জানা গেছে, আহমেদ কবির মুলত এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান বলে পরিচয় দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা করে৷ কখনও নিজেকে উচ্চ পদস্থ কর্মকর্তা, কখনও টিভি সাংবাদিক হিসেবে পরিচয় দেন তিনি। চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ কার্যালয়সহ নগরীর বিভিন্ন থানায় তাঁর অবাধ যাতায়াত রয়েছে।

এর আগে ২০১৫ সালে নগরীর কোতোয়ালী থানায় সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারনা করার অভিযোগে গ্রেফতার হয়েছিল আহমদ কবির।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী জানান, কয়েকমাস আগে এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান পরিচয় দিয়ে তাঁর সাথে দেখা করতে যায় আহমেদ কবির। পরে টেলিভিশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তিনি জানতে পারেন এই নামে এশিয়ান টেলিভিশনে কেউ কর্মরত নেই।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘কিছুদিন আগে টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছে তদবির নিয়ে এসেছিলো আহমদ কবির নামে ওই ব্যক্তি। পরে তাঁর পরিচয় জানতে পেরে তিরস্কার করেছিলাম।’

জানতে চাইলে এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক পলাশ বলেন, ‘আহমদ কবির নামের কোন সাংবাদিক চট্টগ্রামে কর্মরত নেই। কখনও ছিল না।’

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, ‘চট্টগ্রাম সেনানিবাসে বেআইনি অনুপ্রবেশের দায়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আহমিদ কবির নামের এক ব্যক্তিকে বায়েজিদ থানায় সোপর্দ করা হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি নিচ্ছি।’

Print This Post Print This Post