ইপিজেডে র‍্যাবের জালে বিকাশ প্রতারক চক্রের মূল হোতা

আপডেট: ১৬ মার্চ ২০২১ ৭:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৬ মার্চ, ২০২১ মঙ্গলবার ০৭:৪০ পিএম

সোহেল রানা (২৪)। বিকাশ এজেন্টদের দোকানে সুকৌশলে অবস্থান নেয় সে। এরপর লেনদেন করতে আসা গ্রাহকদের টার্গেট করে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে ছবি তুলে নেন। ছবি ইমোতে অন্য সদস্যদের কাছে। পরবর্তীতে নাম পরিচয় গোপন করে বিকাশ কাস্টমার কেয়ারের এজেন্ট সেজে ফোন করেন গ্রাহকদের নম্বরে। অ্যাকাউন্ট আপডেট অথবা ব্লক হয়েছে জানিয়ে সুকৌশলে নিয়ে নেন পিন নম্বরও। এরপর হাতিয়ে নেন গ্রাহকদের একাউন্টের সব টাকা।— র‍্যাবের হাতে আটকের পর এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সোহেল।

সোমবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে ইপিজেড থানার আকমল আলি রোডের পকেট গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-৭ এর একটি দল।

আটক সোহেল রানা মোহাম্মদপুর থানার বাবুখালীর দাতিয়াদহ গ্রামের মনোয়ারের পুত্র।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের মূল হোতা সোহেলকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রতারক চক্রটি সুকৌশলে গ্রাহককে মিথ্যা তথ্য আদান-প্রদান করে পিন নম্বর সংগ্রহ করে। এরপর অ্যাকাউন্ট হ্যাক করে গ্রাহকদের টাকা হাতিয়ে নেয়।’

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সিএস

Print This Post Print This Post