নরসিংদী থেকে গ্রেফতার পালিয়ে যাওয়া হাজতি রুবেল

আপডেট: ৯ মার্চ ২০২১ ৫:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ মার্চ, ২০২১ মঙ্গলবার ০৫:১০ পিএম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হতে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী জেলার রায়পুর থানার বাল্লাকান্দি চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দীন জানান, ফরহাদ হোসেন রুবেলকে দুপুরে নরসিংদীর রায়পুরা থানার বাল্লাকান্দি চর এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম গ্রেফতার করেছে।

গত ৬ মার্চ ভোর ৫টা ১৫ মিনিটে হাজতি রুবেল কারাগার থেকে পালিয়েছিল। কারা অভ্যন্তরে দক্ষিণ পাশে সীমানায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ওসি জানান, অন্যান্য হাজতিদের সঙ্গে তাকে রাখা হয়েছিল কর্ণফুলী ভবনের (১৫ নম্বর পানিশমেন্ট ওয়ার্ড) ছয় তলায়। যেসব হাজতি কারাগারের অভ্যন্তরে অপরাধমূলক কাজ করে, তাদেরকে চব্বিশ ঘণ্টার জন্য সেখানে রাখা হয়।

তিনি আরও বলেন, কর্ণফুলী ভবনের নিচ তলা দিয়ে বের হয় রুবেল। আরেক সিসিটিভি ফুটেজে রুবেলকে ফাঁসির মঞ্চের পাশের ভবন থেকে সীমানা দেওয়ালের বাইরে লাফ দিতে দেখা যায়।

প্রসঙ্গত, সদরঘাট থানার এসআরবি রেল গেইট এলাকায় ৫ ফেব্রুয়ারি গভীর রাতে আবুল কালাম আবু নামের এক ভাঙারি ব্যবসায়ীকে বুকে ছুরিকাঘাত করে রুবেল। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় কালাম হাসপাতালে মারা যান। এ ঘটনায় কালামের মা মর্জিনা বেগম সদরঘাট থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিল রুবেল।

আরএইচ

Print This Post Print This Post