নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার ০১:৪৩ পিএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন আরও ২৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৮৮৬ জন এবং মৃতের সংখ্যা ৩৭৩ জন।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিভিন্ন ল্যাবে এক হাজার ৮৮টি নমুনা পরীক্ষায় ২৯ জন নতুন করে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরে ২৭ জন এবং উপজেলায় দুইজন।
জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৫৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮১৪ জনের নমুনা পরীক্ষায় সাতজনের করোনা পজিটিভ এসেছে।
নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ছয়জনের নমুনা পরীক্ষায় তিনজন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জনের নমুনা পরীক্ষায় তিনজন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে একজনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
তবে এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা হয়নি। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুইজনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি।
আরএইচ
Print This Post
