করোনা প্রাণ কাড়ল সিএমপির আরও এক সদস্যের

আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২১ ৯:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১ শুক্রবার ০৯:২০ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ সাহেব আলী (৫৭) নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আরও এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ (শুক্রবার) রাতে সিএমপির ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

মোহাম্মদ সাহেব আলী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইপিজেড থানাধীন নিউমুরিং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ১৯৮৩ খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তাঁর বাড়ি চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানাধীর পুরান আদালত পাড়ায়।

এদিকে কনস্টেবল মোহাম্মদ সাহেব আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়ে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ২৯ জানুয়ারি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাস পরীক্ষা করা হলে তিনি কোভিড ১৯ পজিটিভ শনাক্ত হন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনসহ পুলিশ সদস্যদের অংশগ্রহণে জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়।

আরএইচআর/সিএস

Print This Post Print This Post