চান্দগাঁও-চকবাজারে অবৈধ গরুর হাট বসিয়ে ৫৭ হাজার জরিমানা গুণলেন ৪ ব্যবসায়ী

আপডেট: ১৫ জুলাই ২০২১ ৯:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ জুলাই, ২০২১ বৃহস্পতিবার ০৯:১৭ পিএম

চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এক কিলোমিটার ও চকবাজার থানার জয়নগর এলাকায় অবৈধভাবে খাইন রেখে গরু বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে ৭ মামলায় ৫৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গরুগুলো দ্রুত সময়ের মধ্যে পাশের নির্ধারিত কোরবানির হাটে নিয়ে যাওয়ার জন্যও নির্দেশ দেয় আদালত।

বৃহস্পতিবার (১৫ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

অভিযান চলাকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতায় ম্যজিস্ট্রেটরা পথচারীদের মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন।

নগরে ইজারা নেওয়া স্থায়ী ও অস্থায়ী পশুর হাটের বাইরে খাইন বসিয়ে গরু বিক্রি বন্ধ এবং করোনা ভাইরাস প্রতিরোধ ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেটরা।

এর আগে বুধবার (১৪ জুলাই) নগরের পতেঙ্গা থানাধীন স্টিল মিল বাজার ও কাঠগড় এলাকায় অবৈধ খাইন বানিয়ে পশু বিক্রির দায়ে ৩টি খাইনের মালিককে ২৫ হাজার টাকা এবং মঙ্গলবার (১৩ জুলাই) বহদ্দারহাট সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে দু্ইটি খাইনের মালিককে ৪১ হাজার টাকা জরিমানা করে চসিক।

সিএস

Print This Post Print This Post