চান্দগাঁওয়ে নির্মাণাধীন ভবন ঘিরে রেখেছে পুলিশ, বিস্ফোরক আছে সন্দেহ

আপডেট: ২৫ মার্চ ২০২১ ১০:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ মার্চ, ২০২১ বৃহস্পতিবার ১০:০০ পিএম

চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট বেতার কেন্দ্রের বিপরীত পাশের বসুধা বিল্ডার্সের একটি নির্মাণাধীন ভবন ঘিরে রেখেছে পুলিশ। সেখান থেকে দেড়’শ মতো মশাল সংযুক্ত লাঠি ও ব্যাগসহ এক রাব্বি (২০) নামে যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভবনটি ঘিরে ফেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

ওসি বলেন, ‘চান্দগাঁও থানার কালুরঘাট বেতার কেন্দ্রের বিপরীতের একটি নির্মাণাধীন ভবনে বিস্ফোরক রয়েছে সন্দেহে ভবনটি ঘিরে রাখা হয়েছে। সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছেন’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (উত্তর) বিভাগের ডিসি বিজয় বাসাক বলেন, ‘একটি ভবন থেকে প্রায় দেড়শ’র মতো লাঠিযুক্ত মশাল উদ্ধার করা হয়েছে। সেখান থেকে এক যুবককে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘ভবনে বোমা সদৃশ একটি ব্যাগও রয়েছে। ব্যাগটি সকালে তল্লাশি করা হবে। কারণ রাতের বেলা বোমা নিষ্ক্রিয় করার কাজ হয় না।’

সিএস

Print This Post Print This Post