লালখান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত কলেজছাত্র, অবস্থা আশঙ্কাজনক

আপডেট: ১৯ মার্চ ২০২১ ৩:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ মার্চ, ২০২১ শুক্রবার ০৩:৫০ পিএম

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাফায়েত হোসেন (১৯) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাফায়েত পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি ফেণীর দাগনভূঞা উপজেলার রাজাপুর মিয়া বাড়ির মীর হোসেনের ছেলে। বর্তমানে সে নগরের খুলশী থানার রেলওয়ে কলোনীতে বসবাস করেন।

সাফায়েতের বোন মোছাম্মৎ হাফসা বলেন, ‘টাইগারপাস থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিলো সাফায়েত। নতুন চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের সামনে রাস্তায় ২ জন ছিনতাইকারী তার মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় ছুরি দিয়ে কোমরে, পায়ে ও হাতে আঘাত করে।’

তিনি বলেন, ‘রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।’

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি (তদন্ত) আফতাব হোসেন বলেন, লালখানবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পেয়েছি।

সিএস

Print This Post Print This Post